সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১–২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
শারমিনের স্বামী ফাহিম আল হাসান জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখেন, তাদের বাসার প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ রয়েছে। পরে অন্য উপায়ে বাসার ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান, শারমিন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ ছিলেন।
পরে বাসার মালিক ও আশপাশের প্রতিবেশীদের সহযোগিতায় শারমিনকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, বিকেল সোয়া ৫টার দিকে শারমিনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। এজন্য তাকে ‘ব্রট ডেড’ ঘোষণা করা হয়।
ঘটনার খবর পেয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী।
প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছি। পাশাপাশি পুলিশ প্রশাসনকে বিষয়টি সঠিকভাবে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছি।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর-স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের
নাগরিকদের সৌদি আরবসহ ১২ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের