Monday, March 16th, 2026, 2:48 pm

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা

 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমানে বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালুর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, পর্যটন ভিসা চালুর জন্য কাজ চলছে। ভিসা কার্যক্রম কবে থেকে শুরু হবে, সেটি চালু হওয়ার সময়ই স্পষ্টভাবে জানানো যাবে।

এর আগে চলতি মাসের শুরুতে ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করে বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। এই সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায় এবং চলমান প্রকল্পগুলো কীভাবে এগিয়ে নেওয়া যায়—সে বিষয়গুলো নিয়েও মতবিনিময় হয়েছে।

এনএনবাংলা/পিএইচ