Monday, March 16th, 2026, 3:07 pm

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

 

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গতকাল রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিকও রয়েছেন।

রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নজরদারি চালানোর পর এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের সাধারণ স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব ভুয়া তথ্য ও কৃত্রিম কনটেন্ট ছড়ানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস জানান, জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে— এমন কৃত্রিম তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন অনুযায়ী এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অন্তত এক বছরের কারাদণ্ড এবং এক লাখ জরিমানার বিধান রয়েছে।

আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে দেওয়া বক্তব্যে অ্যাটর্নি জেনারেল জানান, ইতোমধ্যে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও আপলোড করতেন।

সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড কেবল সামাজিক স্থিতিশীলতার জন্যই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে।

সূত্র : এএফপি

এনএনবাংলা/পিএইচ