Monday, March 16th, 2026, 3:48 pm

যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

 

খুলনায় রাশিকুল আনাম রাশু (৩৮) নামে একজন যুবদল নেতাকে সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে। তিনি আগে দৌলতপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশু রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তার দিকে আসা মাত্রই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক গুলি তার মাথায় লাগে, ফলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায়।

গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এসে রাশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের কাজ এখনো চলছে।

এনএনবাংলা/পিএইচ