Monday, March 16th, 2026, 4:29 pm

আমাদের দলের কাজ হলো মানুষের উপকার করা: তারেক রহমান

 

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা এমন একটি দল গড়ে তুলেছি, যার মূল কাজ মানুষের কল্যাণে নিয়োজিত। সেই কাজগুলো করি, যা সরাসরি মানুষের উপকারে আসে। তাই আজ আমরা সাহাপাড়ায় এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছি।”

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, “সাহাপাড়া খাল খননের পর এ এলাকায় ৩১ হাজার কৃষক সেচের সুবিধা পাবে এবং ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি এই খালের সুবিধা ভোগ করবেন।”

এদিন দুপুরে প্রধানমন্ত্রীর হাত ধরে দিনাজপুরের বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি কার্যক্রম শুরু হলো। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষও রোপণ করেন।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এবং সেখান থেকে সড়কপথে কর্মসূচি স্থলে পৌঁছান।

এনএনবাংলা/পিএইচ