আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি বা অস্বাভাবিক জমায়েত চোখে পড়লে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি জানান, সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তবে এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও দেশের নিরাপত্তা, জনগণের সুরক্ষা এবং অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি কমিশনারের মতে, কোনো এলাকায় হঠাৎ অপরিচিত লোকজনের আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অচেনা ব্যক্তিদের অস্বাভাবিকভাবে একত্রিত হয়ে আলোচনা করতে দেখা গেলে স্থানীয়দের সতর্ক হতে হবে। একই সঙ্গে প্রয়োজনে একত্র হয়ে তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার কথাও তিনি উল্লেখ করেন।
এছাড়া, কারও আচরণ সন্দেহজনক মনে হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হরমুজ প্রণালিতে অবরোধ : একদিনে তেলের দাম বাড়ল ৩ শতাংশের ওপর
ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
কাবুলে পাকিস্তানের হামলায় ৪০০ জন নিহতের দাবি তালেবানের