পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেন ও সড়কপথে যাত্রীদের চাপ বাড়তে দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের সম্ভাবনার কথা মাথায় রেখে অনেকেই আগেভাগেই যাত্রা শুরু করেছেন। তবে এ সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীরা ব্যাগপত্র নিয়ে টার্মিনালে ভিড় জমাতে শুরু করেছেন। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেলস্টেশনেও, যেখানে বিভিন্ন বয়সী যাত্রীর উপস্থিতি লক্ষণীয়। অনেকেই অভিযোগ করেছেন, টিকিট কিনতে গিয়ে তাদের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
যদিও অনেকে আগে থেকেই টিকিট সংগ্রহ করেছেন, তবুও তাৎক্ষণিক টিকিটের আশায় অনেক যাত্রী কাউন্টারে ভিড় করছেন। সরকারি ছুটির সঙ্গে ব্যক্তিগত ছুটি মিলিয়ে অনেকেই নির্ধারিত সময়ের আগেই ঢাকা ছাড়ছেন। বাস কাউন্টারের কর্মচারীদের মতে, সকালে নির্ধারিত সময়েই বাস ছাড়লেও রাতের বাস দেরিতে আসায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে যাত্রীদের প্রধান অভিযোগ—সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তাদের দাবি, পরিবহন খাতে অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিয়মিত ভোগান্তিতে পড়ছেন।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে, দূরপাল্লার যাত্রীরা টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। টিকিট পেলেও দিতে হচ্ছে বাড়তি টাকা—কোথাও ২০০, আবার কোথাও ৮০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।
তবে রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গতকাল জানিয়েছেন, গত এক সপ্তাহে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তার দাবি, ভাড়া সাধারণত সরকারি নির্ধারিত সীমার মধ্যেই থাকে, যদিও কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হতে পারে।
কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ পথ ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে আরামদায়ক মনে করেন। ভিড় ও ভোগান্তি এড়াতে তারা আগেভাগে রওনা হয়েছেন। তবে ঈদের সময় অতিরিক্ত ভিড়ের কারণে টিকিট থাকলেও ট্রেনে ওঠা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি টিকিট কালোবাজারির মাধ্যমে বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে যা জানা গেল
নাইজেরিয়ায় সন্দেহভাজন আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত ১০৮
সব ইউনিটকে বলেছি, অন্যায়ের সঙ্গে কোনো আপস নয়: আইজিপি