নারীর সমঅধিকার ও ক্ষমতায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার আবারও তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (সিএসডব্লিউ৭০)এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি বলেন, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করাকে তিনি দেশের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
তিনি জোর দিয়ে বলেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো ভয় বা প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা পেতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও অবদান বিশেষভাবে প্রশংসনীয়।
তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, যা বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারীদের ওপর বেশি প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বের বিকাশ, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের ৯ থেকে ১৯ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত এই অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪
এক দশকে বেকার ৫৩ লাখ, তরুণদের অর্ধেকই কর্মহীন: বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট
ইরানে গুপ্তচরবৃত্তির অপরাধে একজনের ফাঁসি, গ্রেপ্তার চার