Wednesday, March 18th, 2026, 4:45 pm

রাজশাহীতে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন ট্রাকে

ছবি: সংগৃহীত

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (দুপুরে) উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তাঁর ভাতিজা মো. রেদোয়ান (৬)। তারা চারঘাট থেকে পুঠিয়ার শিবপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলে করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তিনি বলেন, “দুর্ঘটনার পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা ট্রাকটিতে আগুন দেয়। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএনবাংলা/