ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বুধবার একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি কুরুশ কায়ভানি দেশের স্পর্শকাতর স্থান সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেন। গত বছরের জুনে ১২ দিনের সংঘাত চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রেপ্তারের পর কায়ভানি স্বীকার করেন যে তিনি তেল আবিবসহ ইউরোপের ছয়টি দেশে প্রশিক্ষণ নিয়েছিলেন।
এদিকে, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশব্যাপী এক নিরাপত্তা অভিযানে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাতভর পরিচালিত অভিযানে দেশের ২৬টি প্রদেশ থেকে মোট ১১১ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামাদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট চারজন গুপ্তচরকে শনাক্ত করে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম এবং মোতায়েন সংক্রান্ত তথ্য শত্রুপক্ষের কাছে সরবরাহ করছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট
রাজশাহীতে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন ট্রাকে