Wednesday, March 18th, 2026, 8:10 pm

৩২ লাখ টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগে ভাটারা থানার ওসিকে বদলি

 

রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমামুল হককে ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশাসন বিভাগের আদেশে বুধবার (১৮ মার্চ) এই পদায়ন কার্যকর হয়। আদেশে স্বাক্ষর করেছেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমীর খসরু।

ওসি ইমামুল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তার বিকাশ ও নগদ অ্যাকাউন্টে মোট ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে।

ওই অর্থ বিভিন্ন ব্যক্তি ও উৎস থেকে এসেছে এবং অনলাইন জুয়ায় ব্যয় করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভাটারা থানার পেছনের “রহিমের দোকান” থেকে এসেছে ৪ লাখ ৫৫ হাজার টাকা। কনস্টেবল আমজাদের মোবাইল নম্বর থেকে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা, কনস্টেবল সাদ্দামের থেকে ৬ লাখ ৯১ হাজার ৬২৯ টাকা, নাসিম (বাড়িওয়ালা) থেকে ১ লাখ ৩৮ হাজার ৮০ টাকা, মদিনা এজেন্ট হাউজ থেকে ২ লাখ ১৪ হাজার টাকা, খালেক নামের ব্যক্তি থেকে ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা, লন্ড্রি পিকআপ অ্যান্ড ড্রপ নামের নম্বর থেকে ৬ লাখ ৩৪ হাজার ৯১০ টাকা এবং মিজানুর থেকে ৫ লাখ ৪৯ হাজার ১২০ টাকা এসেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি ইমামুল হক। তিনি দাবি করেছেন, প্রায় এক মাস আগে তার মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে এবং একটি চক্র এই লেনদেন করেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যদিও জিডির নম্বর জানতে চাইলে বিস্তারিত দিতে অনীহা প্রকাশ করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন দায়িত্বে থাকবেন।

এনএনবাংলা/