Thursday, March 19th, 2026, 5:59 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় হাইকমিশন জানায়, পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন—“মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

চিঠিতে তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে পুণ্যময় সময় অতিবাহিত করেছেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদুল ফিতরের উদযাপন সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এ সময় তিনি বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

চিঠির শেষাংশে তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং পারস্পরিক সম্মান বজায় রাখার আশ্বাস দেন।

এনএনবাংলা/