Thursday, March 19th, 2026, 7:22 pm

ঈদ শপিংয়ে বের হয়ে ছিনতাইয়ের শিকার, রিকশা থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

 

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র এক দিন বাকি। উৎসবের প্রস্তুতির মাঝেই ছিনতাইকারীর টানে প্রাণ হারালেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। ঈদ শপিং করতে বের হয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে মুক্তা ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রওনা হন। পথে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পথচারী ও রিকশার অপর যাত্রীরা প্রথমে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং তুরাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

মুক্তা আক্তারের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। দুই বছর আগে তাদের বিয়ে হয়।

এনএনবাংলা/