পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। এর মধ্যেই মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের সামনে এসেছে ব্যতিক্রমধর্মী এক তথ্য—২০৩০ সালে মুসলিমদের এক বছরে দুইবার রমজান পালনের সম্ভাবনা রয়েছে, ফলে সে বছর মোট ৩৬টি রোজা হতে পারে। আর ২০৩৩ সালে দুইটি পূর্ণ রমজান মাস ও তিনটি ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি বলেন, ইংরেজি (গ্রেগরিয়ান) বর্ষপঞ্জি ও ইসলামিক (চন্দ্র) বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এমন ঘটনা ঘটে।
তিনি জানান, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাসগুলো সাধারণত ৩০ বা ৩১ দিনের হলেও চন্দ্র মাস নির্ধারিত হয় ২৯ বা ৩০ দিনে। ফলে প্রতি বছর প্রায় ১১ দিনের ব্যবধান তৈরি হয়, যার কারণে রমজান মাস ধীরে ধীরে বছরজুড়ে এগিয়ে আসে।
এই ধারাবাহিকতার ফলেই ২০৩০ সালে এক বছরের মধ্যেই দুইবার রমজান পড়বে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ২০৩০ সালের ৫ জানুয়ারি ১৪৫১ হিজরির রমজান শুরু হবে এবং তা ৩০ দিন পূর্ণ হয়ে ফেব্রুয়ারির শুরুতে শেষ হবে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর আবার শুরু হবে ১৪৫২ হিজরির রমজান, যার প্রথম অংশে ডিসেম্বরেই ৬টি রোজা পড়বে।
এ হিসেবে ২০৩০ সালে মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩৬টি। তবে দ্বিতীয় রমজানের ঈদুল ফিতর উদযাপিত হবে ২০৩১ সালের জানুয়ারিতে (পরবর্তী বছর), ফলে একই ক্যালেন্ডার বছরে দুটি রমজান থাকলেও দুটি ঈদ একই বছরে হবে না।
অন্যদিকে, জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সালে দুইটি পূর্ণ রমজান মাস পড়তে পারে, যার ফলে সে বছর তিনটি ঈদ (দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা) উদযাপনের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়; বরং চন্দ্র ও সৌর বছরের স্বাভাবিক পার্থক্যের ফলেই এমন বিরল সময়কাল তৈরি হয়, যা কয়েক দশকে একবার দেখা যায়।
এনএনবাংলা/


আরও পড়ুন
ফেরা হলো না আর অভিনয়ে, চিরনিদ্রায় শামস সুমন
ঈদে জমজমাট সেমাইয়ের বাজার, বেচাকেনায় স্বস্তি ব্যবসায়ীদের
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর