Sunday, March 22nd, 2026, 6:34 pm

অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ

 

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে এই সিরিজ।

২০২৬-২৭ মৌসুমে নিজেদের ঘরের মাঠে পুরুষ ও নারী দলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী, এই সময়টাতে অস্ট্রেলিয়া নারী দল দুটি সিরিজ খেলবে—একটি বাংলাদেশের বিপক্ষে এবং অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে সূচি শুরু করবে অজি মেয়েরা। দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, বাকি ম্যাচ দুটি ২০ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল মাত্র একবারই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল। ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া, যেখানে সব ম্যাচেই জয় পেয়েছিল সফরকারীরা।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ নারী দলের খেলার অভিজ্ঞতাও খুব সীমিত। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গিয়ে একবারই সেখানে খেলেছিল তারা।

অন্যদিকে, নারী দলের আগে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ পুরুষ দলও। আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ ২৩ বছর পর দেশটির মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে সেখানে টেস্ট খেলেছিল টাইগাররা, যেখানে দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।

এনএনবাংলা/