ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমায় এবার নায়ক নয়, বরং নায়িকাদের উপস্থিতিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক টানতে চার নায়িকার প্রতিযোগিতা জমে উঠেছে প্রেক্ষাগৃহে।
ঈদের তিন দিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া সিনেমাগুলো হলো— ‘দম’, ‘রাক্ষস’, ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘প্রেশার কুকার’ এবং ‘বনলতা এক্সপ্রেস’।
ঈদের দ্বিতীয় দিন থেকেই শুরু হয়েছে সিনেমাগুলোর আয়-হিসাব। জানা গেছে, শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দর্শক উপস্থিতিতে এগিয়ে থাকলেও প্রত্যাশিত আয় তুলতে পারেনি। প্রথম দিন বেশিরভাগ শো হাউজফুল গেলেও আয়ের দিক থেকে পিছিয়ে আছে সিনেমাটি। অন্যদিকে, ‘দম’ সিনেমা আয়ের ক্ষেত্রে চমক দেখিয়ে আলোচনায় উঠে এসেছে।
নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা। নারীপ্রধান গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন—শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। চার নায়িকাকে ঘিরে এগোলেও গল্পের মূল ফোকাস বুবলি ও তুষির ওপর।
এ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, “নারীকেন্দ্রিক গল্পে কাজ করা সাহসী পদক্ষেপ। আমি আমার কাজটাই করেছি, প্রতিযোগিতায় বিশ্বাস করি না।”
একই সুরে বুবলি বলেন,“গল্পই ‘প্রেশার কুকার’-এর আসল শক্তি। দর্শক এটি উপভোগ করবেন।”
অন্যদিকে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। কাজাখস্তানসহ বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিনেমাকে নিজের ক্যারিয়ারের “পুনর্জন্ম” বলে উল্লেখ করেছেন তিনি।
তার ভাষায়, “এমন চরিত্র আগে পাইনি। ‘দম’ আমার অভিনয়জীবনের নতুন অধ্যায়।”
ঈদের বড় আকর্ষণ ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ। এছাড়া ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু-র উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
তাসনিয়া ফারিণ বলেন, “দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি—তাদের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদ-এর বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
এবারের ঈদে দুইজন ভারতীয় নায়িকার অংশগ্রহণ সিনেমায় এনেছে নতুন বৈচিত্র্য।
হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় হুমায়ূনের গল্পে অভিনয় করেছেন সাবিলা নূর। তিনি বলেন, “এই কাজটি আমার ক্যারিয়ারের বড় অর্জন। চরিত্রটি আমার খুব প্রিয়।”
সব মিলিয়ে এবারের ঈদের সিনেমায় নায়িকাদের উপস্থিতি যেমন বৈচিত্র্যময়, তেমনি শক্তিশালী। দেশীয় তারকাদের পাশাপাশি ভারতীয় অভিনেত্রীদের অংশগ্রহণ সিনেমাগুলোকে দিয়েছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়—ঈদের ছুটিতে কোন নায়িকার অভিনয় সবচেয়ে বেশি দর্শকের মন জয় করে।
এনএনবাংলা/


আরও পড়ুন
দেশের একাধিক সড়ক দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক
হাদি হত্যা মামলায় জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে: আদালতে ফয়সাল
অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ