Monday, March 23rd, 2026, 3:57 pm

সামনে তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে দেশের জন্য একটি কঠিন সময় অপেক্ষা করছে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে গেছে। এর প্রভাব আমাদের দেশেও পড়ছে। সামনে তেলের দাম বাড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে—এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের এগোতে হবে।’

তেল সংকটের কারণে বিভিন্ন স্থানে পাম্পে ভাঙচুরের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘এ ধরনের মব সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে থাকবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।’

কৃষি পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে। কৃষকদের দুর্ভোগ আমরা বুঝি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।’

তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং সারা দেশে কয়েক কোটি নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়া দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে ২০ হাজার খাল খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতাকর্মীরা।

এনএনবাংলা/