এক-এগারোর সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এর আগে সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জানা গেছে, তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ওই সময় যৌথ বাহিনীর কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়।
পরে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০১১ সালের জুন পর্যন্ত তিনি দায়িত্বে বহাল ছিলেন।
রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এনএনবাংলা/


আরও পড়ুন
জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ অধ্যাদেশে একমত সংসদীয় কমিটি
ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
তেলের অভাবে কি কোথাও গাড়ি বন্ধ হয়েছে, প্রশ্ন জ্বালানি মন্ত্রীর