ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ সম্পন্ন করে চাকরিতে যোগ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও সেবাধর্মী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশকে কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী হিসেবে নয়, বরং মানবিক ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যাতে জনগণ সহজে সেবা পায়।
পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনী পুরোপুরি সন্তুষ্ট নয়। তাই অতীতের ঐতিহ্যমণ্ডিত পোশাকগুলোর মধ্য থেকে একটি পুনর্বহালের বিষয়ে সরকার কাজ করছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে এই কমিশন গঠন করা হয়েছে এবং এর সুফল অচিরেই দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যারা ক্ষমতার অপব্যবহার করবে না; বরং অপরাধীর মনে ভয় সৃষ্টি করবে এবং নিরপরাধ মানুষের মনে প্রশান্তি এনে দেবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
১০ এপ্রিলের মধ্যে বাসা পাচ্ছেন এমপিরা, তদন্ত হবে সংসদের অডিও বিভ্রাটের
তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা
চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি