Saturday, March 28th, 2026, 3:08 pm

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

 

বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় চার দিনের সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় গণভবন থেকে হেলিকপ্টারযোগে তিনি শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে পৌঁছানোর পর জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

সফরের দ্বিতীয় দিন রোববার (২৯ মার্চ) সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে তিনি পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। পরে একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন।

চার দিনের এই সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এটি পাবনায় প্রথম সফর। এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এনএনবাংলা/পিএইচ