Saturday, March 28th, 2026, 3:47 pm

১০ এপ্রিলের মধ্যে বাসা পাচ্ছেন এমপিরা, তদন্ত হবে সংসদের অডিও বিভ্রাটের

 

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠকে আলোচনার বিষয় ছিল অধিবেশন চলাকালীন অডিও বিভ্রাট এবং সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে। অডিও বিভ্রাটের বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

বৈঠকটি শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ জন সদস্য।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন এবং চিকিৎসা সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য তাদের সংসদের কাছাকাছি রাখা হচ্ছে। আশা করি ১০ এপ্রিলের মধ্যে সকল সদস্যের আবাসন বরাদ্দ সম্পন্ন হবে। আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা বরাদ্দকৃত বাসা নিজেরাই ব্যবহার করবেন, যা স্বাভাবিক ও সঙ্গত।

তিনি আরও জানান, সংসদ অধিবেশনের সময় সাউন্ড সিস্টেমে সমস্যার কারণে যে বিভ্রাট সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। প্রথম অধিবেশনের দিনে স্পিকার মাইকে কথা বলার সময় সমস্যার মুখে পড়েন এবং সংসদ সদস্যরা হেডফোনে সঠিকভাবে সাউন্ড শুনতে পারেননি, যা সমালোচনার কারণ হয়।

এদিকে, বিকেল ৪টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সভাটি হবে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে। এছাড়া বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে।

আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এনএনবাংলা/পিএইচ