Saturday, March 28th, 2026, 4:56 pm

ডামুড্যায় মীমাংসার কথা বলে ডেকে বিএনপির ৬ নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবলীগ নেতা শাওনের বিরুদ্ধে

 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পূর্বের বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ৬ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শাওন হাওলাদারের বিরুদ্ধে।

এ ঘটনায় আহতরা হলেন— মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ধানকাটি এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটত। তবে গত ৫ আগস্টের পর শাওন ও তার অনুসারীরা এলাকা ছেড়ে ছিলেন। সম্প্রতি ঈদ উপলক্ষে তারা এলাকায় ফিরে আসেন।

অভিযোগ রয়েছে, দেশে ফিরে প্রতিপক্ষ মালেক খানের সঙ্গে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন শাওন।

শুক্রবার (২৭ মার্চ) মীমাংসার উদ্দেশ্যে মালেক খানসহ কয়েকজন শাওনের বাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে শাওন, রিফাতসহ তাদের সহযোগীরা হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের ফেলে রাখা হয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে বিষয়টি দেখে স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, শাওন ও তার লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে অবস্থান করছে।