দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব অনিয়ম বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান পরিচালনা ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী একটি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আসার পথে রয়েছে।
চিফ হুইপ জানান, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। এ ধরনের ব্রিফিং এখন থেকে প্রতি মাসে নিয়মিত আয়োজন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও তেলের দাম বাড়তে না পারে—সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য দেবেন।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন পেশ করার লক্ষ্যে কাজ চলছে।
দুর্ঘটনা ও শোক প্রস্তাব
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে। এসব দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে তা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক