Sunday, March 29th, 2026, 1:10 pm

আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়

রোববার (২৯ মার্চ) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অবস্থা ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ের নিচে এসে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের পর হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্যে সচিবালয়ের ভেতরে হেঁটে বিভিন্ন ভবন পরিদর্শন শুরু করেন তিনি।

প্রথমে তিনি সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ৬ নম্বর ভবনে যান। এই ভবনে প্রায় ১০টি মন্ত্রণালয় রয়েছে। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন।

এরপর ৬ নম্বর ভবন পরিদর্শন শেষে পাশের ৫ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। সর্বশেষ তিনি ৩ নম্বর ভবনে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং পরে পুনরায় নিজ কার্যালয়ে ফিরে আসেন।

জানা গেছে, পূর্বনির্ধারিত কোনো সূচি ছাড়াই পরিচালিত এই আকস্মিক পরিদর্শনের পুরো সময়জুড়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

হঠাৎ এই পরিদর্শনের সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএনবাংলা/পিএইচ