Sunday, March 29th, 2026, 2:39 pm

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

 

দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

এনএনবাংলা/পিএইচ