গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মিটার চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা গড়ে তুলতেই এই চার্জ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর কোনো মাসিক অতিরিক্ত চার্জ দিতে হবে না।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ বাবদ কেটে নেওয়া হয়। তবে মিটারের প্রকৃত মূল্য আদায়ের পরও অতিরিক্ত অর্থ কেন কাটা হচ্ছে—এ নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন ছিল।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার কেনাকাটায় অস্বচ্ছতা এবং অতিরিক্ত ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকদের অর্থ সাশ্রয়ের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে এবং তাদের মাসিক ব্যয় কিছুটা কমবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
দেশে জ্বালানির সংকট নেই, এপ্রিল মাসে সরবরাহ স্বাভাবিক থাকবে: যুগ্মসচিব
হরমুজ প্রণালি না খুলেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কাজটি স্থগিত রাখতে চান ভবিষ্যতের জন্য: ওয়াল স্ট্রিট জার্নাল
২৬ দিনে ২ লাখ লিটার তেল উদ্ধার: অভিযান, মামলা ও কারাদণ্ড