Sunday, March 29th, 2026, 3:05 pm

অনিয়ম রোধে সব গণপরিবহনে বসবে জিপিএস ট্র্যাকার: সড়কমন্ত্রী

 

দেশের সড়ক পরিবহনে অনিয়ম নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতিবিধি নজরদারির আওতায় আনতে পারলে অনিয়ম অনেকাংশে কমবে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। সভায় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী জানান, বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে দেখা গেছে, অনেকেই নির্ধারিত ভাড়া সম্পর্কে অবগত নন। এই অজ্ঞতার কারণেই ভাড়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং যাত্রীরা প্রকৃত ভাড়া কত হওয়া উচিত, তা বুঝতে পারেন না।

তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাস ও কাউন্টারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে নির্ধারিত ভাড়া প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এতে যাত্রীরা সহজেই ভাড়া যাচাই করতে পারবেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ অনেকটাই কমে আসবে। আগে অনেক ক্ষেত্রে যাত্রীরা কম ভাড়া দিয়ে যাতায়াত করতেন, যা পরবর্তীতে ভুল ধারণা তৈরির কারণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সড়কমন্ত্রী আরও বলেন, কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার বেশি নিলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে। এ বিষয়ে ভিজিল্যান্স টিম, পুলিশ কন্ট্রোল রুমসহ সংশ্লিষ্ট বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেখানে অভিযোগ পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে আড়ালে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা থাকতে পারে। তবে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। অনেক সময় পরিবহন মালিকরা নিজেদের সিদ্ধান্তে ভাড়া সমন্বয় করেন—এ বিষয়গুলোও যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

শেখ রবিউল আলম জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি এসি বাসের ভাড়া নির্ধারণসহ অন্যান্য বিষয়েও আলোচনা চলছে এবং এ বিষয়ে শিগগিরই একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ