নীলফামারীতে ট্যাংকলরি শ্রমিকদের দণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। একই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে ডিজেল ও পেট্রোল নিয়ে নীলফামারীর উদ্দেশে রওনা দেয় একটি ট্যাংকলরি। পথে যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দিলে চালক কৃষ্ণ ও তার সহকারী (হেলপার) রিফাত গাড়ির কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।
এ সময় নীলফামারী জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশির সময় লরির কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল পাওয়া যায়।
ওই তেল অবৈধভাবে পাচার করা হচ্ছে এমন অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ এবং হেলপার রিফাতকে ছয় মাস করে কারাদণ্ড এবং তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অবিলম্বে দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের মুক্তি এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়ার বদলি না করা হলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
আমি জীবনে সবসময় অভিনেত্রী হতে চেয়েছি: তুষি
গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে: সড়কমন্ত্রী