Monday, March 30th, 2026, 4:41 pm

আমির হামজার নামে ১শ কোটি টাকার মানহানি মামলা

 

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।

বাদী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে ‘নাস্তিক’ হিসেবে আখ্যা দিয়েছেন জামায়াত নেতা আমির হামজা। এ ধরনের বক্তব্যে তাদের নেতার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, প্রিয় নেতার বিরুদ্ধে এমন অপপ্রচারের সুষ্ঠু বিচার চেয়ে দণ্ডবিধির ৫০০ ধারায় আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলাটি আমলে নিয়েছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার। এ বিষয়ে বিকেলে আদেশ দেওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/পিএইচ