স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই-আগস্টের ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের ইনডেমনিটি বা আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রদানের জন্য সংসদে বিল পাস করা হবে। তবে গণঅভ্যুত্থানের সময় পুলিশের পোশাক পরিহিত যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার ‘জুলাই জাতীয় সনদে’ প্রতিফলিত। এই অঙ্গীকার অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। বর্তমানে এটি ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ কমিটিতে বিষয়টি আলোচনা হবে। সর্বসম্মতিক্রমে ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে সংসদে পাস করার ব্যাপারে সবাই একমত হয়েছেন।
মন্ত্রী আরও জানান, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর যারা হানাদার বাহিনীর মতো আক্রমণ চালিয়েছে, তাদের মধ্যে কিছু প্রাণও হারিয়েছিল। এটি ছিল একটি রণক্ষেত্র। জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে সারাদেশে সাধারণ মানুষেরও সমর্থন রয়েছে।
হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গে তিনি জানান, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের স্পেসিফিক মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। কিছু মামলা আইসিটি আইন এবং কিছু সাধারণ আইনের অধীনে আদালতে বিচারাধীন। এসব মামলার তদন্ত ও চার্জশিট প্রক্রিয়া চলছে। ইতোমধ্যেই অনেক মামলার বিচারকাজ শুরু হয়েছে এবং তা টেলিভিশনে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে—চাই তারা পুলিশের পোশাক পরুক, যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হোক—তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই, সেগুলিও দায়ের করা হবে। প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
আমির হামজার নামে ১শ কোটি টাকার মানহানি মামলা