Monday, March 30th, 2026, 7:42 pm

সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে মা মুক্তা আক্তারকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে মুরাদ হাসা‌নের বিরুদ্ধে। রবিবার (২৯ মার্চ) ‌দিবাগত রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মুরাদ হাসান ও শিশু কন্যা ইয়ামিনকে (৫) নিয়ে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় মুরাদ হাসান তার মাকে বা‌ঁশের লা‌ঠি দি‌য়ে উপর্যুপ‌রি আঘাত করে হত্যা করে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রাখে।

পরে বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে ভোরবেলা ছোট বোন ইয়ামিনকে নিয়ে পালিয়ে যায়। ঘরে তালা দেখে বাড়ির লোকজন মুক্তাকে না পেয়ে তালা ভেঙে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, ছেলেটা মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত।

অনিয়মিত ছাত্র‌‌। মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ‘রাতের কোনো এক সময় মুরাদ তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ লুকিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মুরাদ হাসানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।