Tuesday, March 31st, 2026, 1:01 pm

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক পারাপারের সময় ময়লার ট্রাকের চাপায় বাংলাদেশি এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত জান্নাত (১৯) নিউ ইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল। ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

নিশাত জান্নাতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে আমরা নিউ ইয়র্কে এসেছি। চার কন্যার মধ্যে নিশাত ছিল দ্বিতীয়। সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি সে কাজ করছিল।”

নিশাত ৪ ও ৯ বছর বয়সী দুই ছোট বোন এবং বড়বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন। বড়বোন নওশিন বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”

তিনি আরও জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিউ ইয়র্কেই দাফন করা হবে।

দুর্ঘটনার সময় ট্রাকটির ৩৮ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

এদিকে ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, “কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

এনএনবাংলা/পিএইচ