Tuesday, March 31st, 2026, 4:45 pm

কৃষি সমৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে পানি ব্যবহারকারী কৃষক গ্রুপ গঠন বিষয়ক কমিউনিটি মিটিং অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি:

কৃষি উৎপাদন বৃদ্ধি, পানির সাশ্রয় এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নীলফামারীতে “অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাই (এডব্লিউডি)” বা পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো পদ্ধতি প্রকল্পের আওতায় সেচযন্ত্রের পানি ব্যবহারকারী কৃষক গ্রুপ গঠনের লক্ষ্যে একটি কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত “পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার)” প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুন্দপুকুর আঙ্গারপাড়া বড় বাড়ি এলাকার কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ গোলাম মোস্তফা। তিনি বলেন, এডব্লিউডি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সেচের পানি সাশ্রয়, উৎপাদন খরচ হ্রাস এবং ফলন বৃদ্ধি সম্ভব। এ প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী।

কমিউনিটি মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএডিসি নীলফামারীর সহকারী প্রকৌশলী মোঃ মোসফিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসেন এবং কর্মকর্তা মোঃ শাহিন ফেরদৌস। বক্তারা কৃষকদের মাঝে আধুনিক সেচ ব্যবস্থাপনা, পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং দলগতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

সভায় আরও জানানো হয়, পানি ব্যবহারকারী কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং কৃষকেরা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবেন।

অনুষ্ঠানটি আয়োজন করে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি, নীলফামারী জোন।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।