সংযুক্ত আরব আমিরাতে আকাশে বাধা দিয়ে ধ্বংস করা একটি ড্রোনের পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন।
গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত এক দাপ্তরিক বিবৃতিতে ফুজাইরাহ আমিরাতের কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের তথ্য অনুযায়ী, আল-রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়লে সেখানে অবস্থানরত ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে এবং ধ্বংস করে। পরে ধ্বংস হওয়া ড্রোনটির অংশবিশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে, যার ফলে ওই বাংলাদেশি নাগরিক নিহত হন।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি চ্যানেলের মাধ্যমে প্রচারিত তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তেহরান ধারাবাহিকভাবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
টাকা ছাপিয়ে নয়, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়া হবে: অর্থমন্ত্রী
ভোলায় দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ