লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগান, ইয়াবা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চর লামছি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চররুহিতা ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন নেতৃত্বে রেডিং টিম সদস্য এসআই আদনান আরিফ রিফাত, সিপাই মো. আলমগীর হোসাইনসহ (ডিএনসি) একটি টিম অংশগ্রহণ করেন। এ সময় জাহাঙ্গীর ও কবিরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৬ লিটার বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান (এলজি) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
১৭০০ কেজি জাটকা জব্দ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ
পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা; আটক ৩
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!