ঈদের আমেজ শেষ হলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। মাছ, মাংস ও সবজির উচ্চমূল্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা চরম চাপে রয়েছেন। বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ পণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, মাছের বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ নেই। পাঙ্গাশ বিক্রি হচ্ছে ২০০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা এবং রুই মাছ ২৪০ থেকে শুরু করে সর্বোচ্চ ৩,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া মৃগেল ২৫০–৩০০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা, চিংড়ি ৫৫০–৯০০ টাকা, শোল ৭০০ টাকা এবং কই-শিং মাছ ৪০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারেও অস্বস্তি, দেশি মুরগি ‘বিলাসী’ পণ্য
মাংসের বাজারেও একই চিত্র দেখা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়িয়ে ২০০–২২০ টাকায় উঠেছে, যা আগে ছিল ১৭০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে সোনালি মুরগির দাম—প্রতি কেজি এখন ৪২০ টাকা। অন্যদিকে দেশি মুরগি ৮০০ টাকা ছুঁয়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
ক্রেতাদের হতাশা: ঈদের পরও কমেনি দাম
বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, ঈদের সময় দাম বাড়লেও পরে কমার আশা ছিল। কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এক ক্রেতা বলেন, “ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও এখনও স্বস্তি নেই। সোনালি মুরগি এখন প্রায় বিলাসী পণ্যে পরিণত হয়েছে।”
ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহ ঘাটতি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে দামের ওপর চাপ অব্যাহত রয়েছে। ফলে দ্রুত দাম কমার সম্ভাবনা কম।
সবজির বাজারেও আগুন, বেড়েছে ১৫–৩০ টাকা
কাঁচা বাজারেও নেই স্বস্তি। প্রায় সব ধরনের সবজির দাম ঈদের আগের তুলনায় ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ঢ্যাঁড়শ ১২০ টাকা, পটোল ১০০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ১০০–১২০ টাকা এবং উচ্ছে ও বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
লেবু প্রতি হালি ৫০–৬০ টাকা, টমেটো ৭০–৮০ টাকা, করলা ১৬০ টাকা, লাউ ৮০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিম ৫০–৭০ টাকা, ছোট মিষ্টি কুমড়া ৬০–৭০ টাকা, পেঁপে ৫০ টাকা এবং গাজর ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহেই খোলা সয়াবিন তেল ১৮৫ থেকে ১৯০ টাকায় কেনা গেছে। সে হিসাবে এক সপ্তাহের মধ্যে প্রতি লিটারে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশের জার্সিতে হামজা’র ১ বছর, বললেন, ‘জীবনের সেরা সিদ্ধান্ত’
গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারা
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প