ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার প্রায় ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরেছেন।
সরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (৩ এপ্রিল) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। তবে সকাল থেকে অপেক্ষা করেও স্বজনরা মরদেহ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে। পরে বিকেল ৪টার দিকে বিজিবি সদস্য ও স্বজনরা মরদেহ গ্রহণ করেন। দীর্ঘ সময় অপেক্ষার এই মুহূর্ত স্বজনদের বেদনা আরও গভীর করে তোলে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান স্বাক্ষরিত ২ এপ্রিলের এক আদেশে জানানো হয়, গত ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মরদেহটি দেশে প্রত্যাবাসন করা হয়।
মরদেহটি তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপুরে রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের দিনমজুর আজিজুর রহমানসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। তারা সীমান্ত পিলার ৩৭৩/১-এসের কাছে পৌঁছালে ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তিনজন পালিয়ে এলেও আজিজুর রহমান ধরা পড়েন।
আজিজুর রহমানের স্ত্রী তাছকারা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে অন্যায়ভাবে আটক করে বিএসএফ সদস্যরা নির্যাতন চালায়। নির্যাতনের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, প্রায় ১১ মাস ভারতে বন্দি অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতে অবস্থানরত আত্মীয়দের মাধ্যমে পরিবারটি এই মৃত্যুসংবাদ জানতে পারে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, মরদেহ দেশে আনার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শাহানাবাদ কবরস্থানে আজিজুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী
বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল