Saturday, April 4th, 2026, 4:04 pm

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, “জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। এটি কার্যকর করার ক্ষমতা এই সংসদকেই রয়েছে। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে, সেই নির্দেশনা সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই জুলাই সনদ হওয়া বা না হওয়ার সঙ্গে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই। আমরা সংসদে এটি স্পষ্টভাবে জানিয়েছি।”

তিনি আরও বলেন, “বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে, চেতনায় ধারণ করে এবং বিশ্বাস করে এটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তে লেখা একটি মুক্তির সনদ। বিএনপি অঙ্গীকারবদ্ধভাবে এই সনদ বাস্তবায়ন করবে। যারা বলছেন, গণভোট বাতিল হলে জুলাই সনদও বাতিল হবে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য।”

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও মন্ত্রী মন্তব্য করেন, “আইনে কি হবে, কি হবে না, সেই বিষয়ে আসুন ডিবেট করি। কিন্তু এর বদলে আপনারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছেন। রাষ্ট্রপতির স্বাক্ষরিত জুলাই গণভোট অধ্যাদেশও মানতে হবে, কিন্তু রাষ্ট্রপতির ভাষণের সময় বয়কট করছেন – এটিই হলো জামায়াতের চরিত্র এবং মুনাফিকি চরিত্র।”

জ্বালানি তেল সংকটের বিষয়ে আইন প্রয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এক শ্রেণির মানুষ একাধিক জায়গা থেকে একই মোটরসাইকেল ব্যবহার করে তেল সংগ্রহ করছে, বাসায় বোতল বা ড্রামে ভরে আবার নতুন করে তেল নিচ্ছে। এতদিন আমরা নমনীয় নীতি অবলম্বন করেছি। তবে প্রয়োজনবোধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সেকশন ২৫ অনুযায়ী কালোবাজারি ও মজুতদারদের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে, যা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।”

মন্ত্রী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলেন, “জ্বালানি তেলের সংকট রোধে কঠোর হোন। আপনার সঙ্গে আমাদের সংগঠনের নেতাকর্মীরাও তৎপর থাকবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “দেশকে বাঁচাতে হলে খাল খনন এবং দখল উচ্ছেদ অপরিহার্য। যার যত বড়ই শক্তি থাকুক না কেন, খাল ও জলাশয় দখলমুক্ত করে খনন করা হবে।”

মন্ত্রী আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ