Saturday, April 4th, 2026, 5:11 pm

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

 

বাংলাদেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাজেট সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টির জন্য বন্ধ কলকারখানা চালু করা ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত ও উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এআইআইবি বাজেট সহায়তা প্রদান করবে। এআইআইবি বিশেষভাবে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগে মনোযোগ দিচ্ছে।

সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ইলেকট্রিক যানবাহন খাতে অর্থায়ন দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, দেশের মোট বিদ্যুতের ২০–৩০ শতাংশ উৎপাদন সৌর শক্তি থেকে করা।

বৈঠকে ব্যবসায়ীরা ‘কস্ট অব ডুইং বিজনেস’ এবং ‘ইজ অব ডুইং বিজনেস’-এর বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

অর্থমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দ্রুত কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এছাড়া, পুরোনো প্রকল্পগুলো সচল করেও নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশীয় সম্পদ ও আন্তর্জাতিক সহায়তার সমন্বয়ে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জ্বালানির দাম বা আসন্ন বাজেটের আকার নিয়ে এখনই কোনো নির্দিষ্ট তথ্য জানাননি তিনি।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক ও জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এনএনবাংলা/পিএইচ