জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। তিনি সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার প্রেক্ষাপটে বলেন, এই অধ্যাদেশগুলো করার সময় যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, তাঁদের সঙ্গে সরকারকে কথা বলতে হবে।
পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন নাহিদ ইসলাম। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা অধ্যাদেশ প্রণয়ন করে চলে গিয়েছিলেন। এখন এগুলো বাতিল হওয়ার পথে, কিন্তু সংস্কার কার্যকর হবে না। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসকে সহ যারা তখন অধ্যাদেশে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে কথা বলতেই হবে। তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে, তা হবে না। তারা তখন ক্ষমতায় ছিল, অধ্যাদেশ করেছে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে ইঞ্জিনিয়ারিং করেছে।”
বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, “দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না। গণভোটকে মানছে না। বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে আনা হচ্ছে না। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার ও সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ তারা বাতিল করছে। এই অধ্যাদেশ আইন হিসেবে পরিণত না হলে বিএনপি কলঙ্কমুক্ত হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “গত ১৬ বছর মানুষ বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি, কারণ তখন তাদের ওপর আস্থা ছিল না। কিন্তু এখন ক্ষমতায় এসে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে।”
নাহিদ ইসলাম গত ২৯ মার্চ পবিত্র ওমরাহ পালন করতে ঢাকা ছাড়েন এবং ৩০ মার্চ সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। সেখানে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। সস্ত্রীক ওমরাহ পালনের পর শনিবার দুপুরে দেশে ফিরেন তিনি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী