Sunday, April 5th, 2026, 1:17 pm

বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

 

রাজধানীর মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন।

ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ জন পোশাক শ্রমিক বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। এর ফলে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা রুট এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁওমুখী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

শ্রমিকদের অবরোধের কারণে ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া উত্তরা, গুলশান ও বনানী এলাকা থেকে তেজগাঁওমুখী যানবাহনকে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কাকলী বাম মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুনবাজার বা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী গন্তব্যে যাওয়া সম্ভব বলে জানানো হয়েছে। একইভাবে বিপরীত দিক থেকেও এই রুট ব্যবহার করা যাবে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে পোশাক শ্রমিকদের এমন অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

এনএনবাংলা/পিএইচ