বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভবিষ্যতে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজিত এক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন।
জ্বালানি সংকটের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি বহুমাত্রিক সংকটে রূপ নিয়েছে। এর প্রভাব পড়ছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের ওপর এবং সরবরাহ ব্যবস্থাও এতে ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখা এবং পুনরুদ্ধারের জন্য সরকার এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চাপ দেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে, যার ফলে সরকারি তহবিলে ধারাবাহিক চাপ ও ক্ষয় তৈরি হচ্ছে। প্রতিনিয়ত এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলেও জানান তিনি।
দেশের ঋণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ঋণ ব্যবস্থাপনা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে অর্থায়নের ক্ষেত্রে ব্যয় ও অর্থ সংগ্রহের খরচ—উভয় বিষয়কেই পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় দেশের অর্থনীতি এমন অবস্থায় রয়েছে, যেখানে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে পুনরুদ্ধার করা। দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতির প্রায় সব সূচকই নিম্নমুখী ছিল, ফলে দ্রুত উত্তরণের সুযোগ এখনো তৈরি হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, এই সংকট শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি বৈশ্বিক বাস্তবতার অংশ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে বাংলাদেশও চাপের মুখে রয়েছে। যদিও এখনো অনেক ক্ষেত্রে দেশে মূল্য সমন্বয় করা হয়নি, তবে দীর্ঘদিন ধরে এই চাপ ধরে রাখা সম্ভব হবে না।
সরকার জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। তবে দীর্ঘ সময় এই চাপ বহন করা সম্ভব না হলে এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
এর আগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘের স্বল্পোন্নত, স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিষয়ক দফতর ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় এনইসি সম্মেলন কক্ষে একটি জাতীয় বহুপক্ষীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
রাজনীতি-অর্থনীতিতে পরিবর্তন না এলে জেন-জি আবার গণঅভ্যুত্থান ঘটাতে পারে: পরিবেশমন্ত্রী
জ্বালানি সংকটে ট্রাকভাড়া বেড়েছে ৫–৬ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
যুদ্ধে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী