সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এর ফলে বিসিএসসহ সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়লো।
রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) -এর সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এছাড়া স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার যেসব পদে আগে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেগুলোতেও এখন থেকে ৩২ বছর নির্ধারিত হবে।
তবে যেসব পদের নিয়োগ বিধিমালায় আগে থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত আছে, সেসব ক্ষেত্রে পূর্বের উচ্চতর বয়সসীমা অপরিবর্তিত থাকবে। ফলে নতুন আইনের কারণে কোনো প্রার্থীর সুযোগ কমবে না।
অন্যদিকে, প্রতিরক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালা বহাল থাকবে।
বিলের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতেই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করে স্থায়ী আইনি কাঠামো গড়তেই এই বিল আনা হয়েছে।
এছাড়া পূর্বের অধ্যাদেশে সৃষ্ট কিছু কারিগরি জটিলতা ও অস্পষ্টতা দূর করে নতুন আইনে স্পষ্টতা আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা রাষ্ট্রদূতের
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর