Sunday, April 5th, 2026, 9:15 pm

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা রাষ্ট্রদূতের

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনস।

রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ঐতিহাসিক ছবি ও হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে দেখা যায়। অন্য ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি খাত, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে আমাদের অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।”

এনএনবাংলা/