কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলি উল্টে ট্রলি চালকের মৃত্যু ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী- লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আতাউর রহমান (২৪)। তিনি পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
নিহত আমিনুলের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইট ভাটা থেকে ইট বোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন ট্রলি চালক আতাউর। ট্রলিটি ফুলবাড়ী ধরলা সেতু পার হয়ে কিছুদুর গেলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক আতাউর। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহআলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনে আলোচনায় ফারজানা রশিদ লাবনী
সিলেটে হাম, রুবেলার প্রকোপ বৃদ্ধি: ১ শিশুর মৃত্যু