বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এ বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল–কে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। জানা গেছে, এই ১১ সদস্যের কমিটি ক্রিকেটার, প্রশাসক ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত হয়েছে।
এনএসসির এই সিদ্ধান্তের ফলে বিসিবির দৈনন্দিন কার্যক্রম এখন থেকে অ্যাডহক কমিটির অধীনেই পরিচালিত হবে। নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আগামী ৯০ দিনের মধ্যে একটি নতুন নির্বাচন আয়োজন করা।
বিসিবির বর্তমান সংকটের সূচনা হয় গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে। ওই নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। সে সময় তামিম ইকবাল সভাপতি পদে প্রার্থী হলেও অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তিনি অভিযোগ করেছিলেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির বাইরে থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছিল এবং এতে সরকারি হস্তক্ষেপ ছিল।
পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ছয়জন পরিচালক পদত্যাগ করেন। সর্বশেষ গত ৪ এপ্রিল সানিয়ান তানিম, মেহরাব আলম ও ফায়াজুর রহমান একসঙ্গে পদত্যাগ করেন। এরই মধ্যে এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি গত ৫ এপ্রিল নির্বাচনী অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত আজ বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগেও আমিনুল ইসলাম বলেছিলেন, “আমি শেষ ব্যক্তি যে যাবে”। তবে এনএসসির চূড়ান্ত সিদ্ধান্তের কাছে সেই অবস্থান টেকেনি। এর আগে ২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদ–কে সরিয়ে আমিনুল ইসলামকে বোর্ডে আনা হয়েছিল।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
সরকারি দলে ৩৬ সংরক্ষিত নারী এমপির দৌড়ে এগিয়ে যারা
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
দিল্লির কাছে হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে ঢাকা