অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বর্তমানে নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই তদন্ত হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠিত হলে তাদের মাধ্যমেই এসব কার্যক্রম শুরু হবে।”
তিনি আরও বলেন, দুর্নীতি শুধু অতীতের সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়; বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, অটোরিকশাকে অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধু বিদ্যুৎ খরচের বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও জড়িত।
তিনি জানান, অনেক চালক প্রশিক্ষিত নন এবং অনেক অটোরিকশা প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। আগে এসব যানবাহন মূলত অলিগলিতে চললেও এখন প্রধান সড়কেও চলাচল করছে, যা ঝুঁকি বাড়াচ্ছে।
উপদেষ্টা বলেন, অনিয়মিত চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন এভাবে চলতে পারে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে।
ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, আগের সরকারের সময়ে এ খাত দুর্বল হয়ে পড়লেও পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে হঠাৎ বড় ধরনের পরিবর্তন আস্থার সংকট তৈরি করতে পারে, তাই ধীরে ও পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে।
তিনি আরও জানান, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতির পুনরুজ্জীবন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়াতে এসব পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
পয়লা বৈশাখে আসছে সাফা-পার্থর ‘চা গরম’
পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের, যুদ্ধ ছড়াতে পারে মধ্যপ্রাচ্যের বাইরে—ইরান
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে