Wednesday, April 8th, 2026, 7:02 pm

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ইরাকের বাগদাদে উল্লাস

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই যুদ্ধবিরতির ঘোষণার পরই বাগদাদ সহ ইরান ও ইরাকজুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উল্লাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়া ইরাকে এই ঘোষণাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও মার্কিন বাহিনীর পাল্টাপাল্টি হামলায় ইরাক বহুদিন ধরেই সরাসরি সংঘাতের কেন্দ্রে ছিল। মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির ঘোষণার আগে ইরাকি কর্মকর্তারা জানান, দেশজুড়ে হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় দাবি করা হয়, যুক্তরাষ্ট্র একটি ‘ঐতিহাসিক ও শোচনীয় পরাজয়’ বরণ করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই চুক্তিকে তাদের বড় বিজয় হিসেবে অভিহিত করে জানায়, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনেই শত্রুতা কমাতে রাজি হয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক ও সামরিক চাপের ফলেই ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, এই প্রণালি খুলে দেওয়ার জন্য ট্রাম্প গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১২টা (অর্থাৎ বুধবার শুরু) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন। সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা আসে।

যুদ্ধবিরতির প্রভাবে আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তেলের দাম কমেছে এবং বৈশ্বিক শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা এখনো অনিশ্চিত।

এনএনবাংলা/