মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর রওনা দিয়েও শেষ পর্যন্ত হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরান সরকারের অনুমতি না পাওয়ায় জাহাজটিকে নিরাপত্তার স্বার্থে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসসি সূত্র জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে প্রণালীর কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি প্রত্যাখ্যান করে।
বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। কূটনৈতিক চ্যানেলে অনুমতি পাওয়ার চেষ্টা এখনো চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ে তা কমিয়ে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স প্রদান করা হচ্ছে।
বিএসসি’র তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে জাহাজটি।
এর পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য তোলার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। যদিও জাহাজটি পুনরায় যাত্রা শুরু করেছিল, শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে আবারও শারজাহতে ফিরে যেতে হচ্ছে।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন যাওয়ার কথা রয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
বগুড়া উপনির্বাচনে জয়ী বিএনপির বাদশা