Friday, April 10th, 2026, 6:50 pm

জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি লাগতে পারে: অর্থমন্ত্রী

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই অতিরিক্ত ভর্তুকি দেশের বাজেট ঘাটতি বাড়াবে এবং একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও সমান চাপ সৃষ্টি করবে।

শুক্রবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়কার আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ও তুলে ধরেন। পাশাপাশি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ের অর্থনৈতিক চিত্রও উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, আমদানিনির্ভর অর্থনীতি হিসেবে বাংলাদেশ বৈশ্বিক বাজারের প্রভাব এড়াতে পারে না। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চমূল্য থাকা সত্ত্বেও জনগণের কথা বিবেচনা করে এখন পর্যন্ত মূল্য সমন্বয় করা হয়নি।

তিনি আরও জানান, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। অর্থনীতির বিভিন্ন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বহুমাত্রিক চাপ মোকাবিলায় সরকার কাজ করছে।

বক্তব্যে অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্প থেকে জনগণ প্রত্যাশিত সুফল পাচ্ছে না। এসব প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়া তিনি বলেন, সরকারি ব্যয়ে ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং উচ্চ সুদের চাপ বাজেট ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তুলেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন, সংস্কার এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে উত্তরণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

এনএনবাংলা/